ভারতের মধ্যমেয়াদি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ২ শতাংশ বাড়িয়েছে মার্কিন ক্রেডিট রেটিং সংস্থা ফিচ। খবর দি ইকোনমিক টাইমস।
সংস্থাটি জানায়, ভারতের ৭০ পয়েন্টকে ভিত্তি ধরে মধ্যমেয়াদি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে।
ফিচের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত ও মেক্সিকোর পূর্বাভাস বাড়ানো হয়েছে। এ দুই দেশে পুঁজিবাজার থেকে শুরু করে শ্রমবাজার পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া মেক্সিকোর প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৪ থেকে বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। ২০২০ সালে শ্রমবাজার ঝুঁকিতে পড়ায় পূর্বাভাস কমানো হয়েছিল। যা বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে।
এদিকে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। ফিচ জানায়, ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।
এছাড়া রাশিয়ার ১ দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ, কোরিয়ার ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ১ এবং দক্ষিণ আফ্রিকার ১ দশমিক ২ থেকে ১ শতাংশ কমানো হয়েছে।
চীনের এ পতনমুখী পূর্বাভাসকে ২০২১ সালের জুলাইয়ের পূর্বাভাসের সঙ্গে তুলনা করা যায়। ওই সময় দুর্বল চাকরিবাজার ও পুঁজিবাজারে পতন লক্ষ করা গেছে।
একই সঙ্গে অস্বাভাবিকভাবে বিনিয়োগের পূর্বাভাসও কমানো হয়েছে। শ্রম উৎপাদন কমায় প্রবৃদ্ধির প্রক্ষেপণ সংকুচিত করা হয়েছে।










