ব্রাজিলে ভুট্টা উৎপাদন খাতে খরার প্রভাব কাটছে না। এতে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যটির রফতানিও। বৈরী আবহাওয়ায় বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো একের পর এক উৎপাদন পূর্বাভাস কমাচ্ছে। সর্বশেষ মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ব্রাজিলে ভুট্টা উৎপাদন কমার পূর্বাভাস দেয়।
ভুট্টা উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ব্রাজিল। দেশটিতে উৎপাদন কমার পূর্বাভাস আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। খাদ্যশস্যটির দাম আরো চড়া হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে উৎপাদন কমলে ভুট্টা আমদানি বাড়াবে ব্রাজিল।
ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিস কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল নেটওয়ার্ক রিপোর্টে বলা হয়, ২০২১-২২ মৌসুমে ব্রাজিলে ১১ কোটি ৩০ লাখ টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আগের মৌসুমের তুলনায় উৎপাদন ৪০ লাখ টন কমতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি মৌসুমে ব্রাজিলের ভুট্টা রফতানি ৪ কোটি ২০ লাখ টনে পৌঁছবে। আগের মৌসুমের তুলনায় রফতানি কমবে ১০ লাখ টন। আমদানি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়বে। লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকেই এসব ভুট্টা আমদানি করা হবে।
আবহাওয়ায় লা নিনার প্রভাবে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ব্রাজিলে খরা ভয়ানক আকার ধারণ করে। ঠিক এ সময়ই ভুট্টার ফলন আসার কথা। কিন্তু খরার কারণে তা ব্যাহত হয়েছে। ইউএসডিএ বলছে, চলতি মৌসুমে ব্রাজিলে ভুট্টার আবাদ বেড়েছে। কিন্তু উৎপাদন সে অনুপাতে বাড়েনি।










