বৈশ্বিক তেল-গ্যাস খাত গত বছর বেশ মুনাফা করেছে। সব মিলিয়ে এ খাতের মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে। এর আগের বছরগুলোয় যা গড়ে ছিল দেড় ট্রিলিয়ন ডলার। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সংস্থাটির প্রধান ফাতিহ বিরল বলেন, ‘মুনাফা বৃদ্ধির পরও যেসব দেশ তেল ও গ্যাস থেকে পাওয়া আয়ের ওপর নির্ভর করে, তাদের উচিত পেট্রোলিয়াম খাতের আয়ের ওপর থেকে নির্ভরতা কমানো। কারণ এটি দীর্ঘমেয়াদে টেকসই হবে না। ভবিষ্যতে চাহিদা কমে গেলে তখন দেশগুলো সংকটে পড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত দ্রুত তাদের অর্থনীতিতে তেল নির্ভরতা কমানো, বিকল্প সৃষ্টি করা। আমার মতে, কপ-২৮ জলবায়ু সম্মেলন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গন্তব্য পরিবর্তনের চমৎকার উপলক্ষ হতে পারে। অর্থনীতির ৯০ শতাংশ তেল ও গ্যাস থেকে পাওয়া আয়ের ওপর নির্ভর করে কোনো দেশ চলতে পারে না। কারণ তেলের চাহিদা ভবিষ্যতে কমে যাবে।’










