এক মাসেরও বেশি সময় উত্থানের পর গত সপ্তাহে দরপতন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর চলতি বছরের ২৮ জুলাইয়ের পর টানা ১০২ শতাংশের বেশি বেড়েছে। তবে গত সপ্তাহের শেষ চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী দেখা গিয়েছে। এ সময়ে শেয়ারটির প্রায় ২২ শতাংশ দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৮ জুলাইয়ের পর থেকেই ডিএসইতে টানা ঊর্ধ্বমুখী ছিল কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২ টাকায়। এরপর ৪ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৩ টাকা ১০ পয়সা বা ১০২ দশমিক ১২ শতাংশ। এরপর অবশ্য গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী রয়েছে। আলোচ্য সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ২২ টাকা ৭০ পয়সা বা ২১ দশমির ৬০ শতাংশ। আর সপ্তাহজুড়ে কমেছে ১৮ দশমিক ৭৪ শতাংশ। যার ভিত্তিতে গত সপ্তাহে ডিএসইর শীর্ষ দরপতনের তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৭৬ পয়সায়।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৩৩ পয়সা।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৬৩ কোটি ১২ লাখ।










