বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

বিশেষ অতিথি ও বিচারক ছিলেন চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও প্রশিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ, ডিজিটাল ক্রিয়েটর ও লেখক সাদমান সাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়।

তরুণদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও চিন্তাশক্তি বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান অতিথিরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরো এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

প্রতিযোগিতার প্রথম দুই রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হয়। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ১০ জন প্রতিযোগী, যারা নিজেদের বক্তৃতা দক্ষতা, সৃজনশীলতা ও চিন্তাশক্তির অসাধারণ প্রদর্শন করেন। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হন ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম।

প্রথম রানার আপ হন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিমা বিনতে ইসলাম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবিব বাবু। -বিজ্ঞপ্তি