চলতি বছর ইস্পাত আমদানি বাড়ার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। মূলত গত বছর স্থানীয় বাজারে ধাতুটির দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। ঊর্ধ্বমুখী বাজারদরে লাগাম টেনে ধরতেই আমদানি বাড়ানো হচ্ছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে শুল্কসংক্রান্ত কারণে ইস্পাত আমদানি অস্বাভাবিক হারে কমে যায়। এরপর ২০২০ সালে দেখা দেয় করোনা মহামারী। শুরু হয় রশদসংক্রান্ত জটিলতা। এসব কারণে আমদানি আরো কমে যায়। তবে চলতি বছর এ পরিস্থিতির উত্তরণ ঘটবে।

আইএইচএস মার্কিটের প্রাইসিং অ্যান্ড পার্চেসিং বিভাগের পরিচালক জন অ্যান্টন বলেন, চলতি বছর ইস্পাত আমদানি ২০১৫-১৭ সালের ঊর্ধ্বমুখী পর্যায়ে ফিরে আসবে। তবে এটিকে আমদানি বৃদ্ধি হিসেবে দেখছেন না তিনি। বরং আমদানি স্বাভাবিক হয়ে উঠছে বলেই মত দিয়েছেন।

এদিকে গত বছরের শেষ দিকেই বাড়তে শুরু করে হট রোলড কয়েল আমদানি। কারণ স্থানীয় বাজার থেকে অতিরিক্ত দামে কেনার পরিবর্তে আমদানীকৃত তুলনামূলক কম দামের হট রোলড কয়েল কিনতেই বেশি আগ্রহী হয়ে ওঠেন ক্রেতারা।

সদ্যবিদায়ী বছরেও যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট জানায়, ১১ মাসে দেশটি ২ কোটি ৯২ লাখ ৩০ হাজার টন ইস্পাত আমদানি করে। ২০২০ সালের একই সময়ের তুলনায় আমদানি ৪৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে।