করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ইউসেপ বাংলাদেশকে আর্থিক অনুদান প্রদান করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। রোববার (২৮ ডিসেম্বর) ইডকলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সহায়তার মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিমের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে ইডকলের কোম্পানি সেক্রেটারি মাফতুন আহমেদ, ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম ইনোভেশনের পরিচালক মো. আব্দুল মান্নানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সালে নিউজিল্যান্ডের নাগরিক লিন্ডসে অ্যালান চেইনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি স্কুলত্যাগী শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য দ্বিতীয় সুযোগভিত্তিক শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আসছে। এসব কার্যক্রমে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেয়া হয়।

ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি। ইউসেপ বাংলাদেশের মাধ্যমে দেয়া এ সহায়তা সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

এ অনুদানের মাধ্যমে ইউসেপ বাংলাদেশের চলমান শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। ইডকল ভবিষ্যতেও মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতিমুখী উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

—বিজ্ঞপ্তি