প্রযুক্তিগত, পেশাগত এবং জীবন ভিত্তিক দক্ষতার প্রশিক্ষণ দেয়ার জন্য হাতেকলমে নামে একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নাগরিকদের বিভিন্ন পরিসরের দক্ষতা-ভিত্তিক শিক্ষা, বিভিন্ন ব্যবসার অন্তর্দৃষ্টি এবং জীবনধারা এবং লাইফস্কিলেরর সাথে সম্পৃক্ত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়। প্রথমধাপে পূর্ণাঙ্গ ২টি কোর্স নিয়ে প্রকল্পটি চালু করা হচ্ছে।
এগুলো হচ্ছে মোবাইল মেরামত এবং কেয়ার গিভিং। এছাড়া খুব শিগগিরই হাউস কিপিং, গ্রাফিক ডিজাইন, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, ইলেকট্রিশিয়ান, সেলাই মেশিন চালনা এবং ওয়েল্ডিং যুক্ত করা হবে। পরবর্তী ধাপে প্রবাসীদের জন্য প্রশিক্ষণ, খেলাধুলার জন্য প্রশিক্ষণ, কৃষকদের জন্য প্রশিক্ষণ এবং মাছ ধরা এবং পশুসম্পদ জন্য প্রশিক্ষণ শুরু করা হবে।
অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের উপর প্রচণ্ড চাপ থাকলেও শ্রম বাজারে নির্দিষ্ট দক্ষতা-ভিত্তিক মানব সম্পদের অভাব রয়েছে। এটি শুধুমাত্র দেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিই স্তব্ধ করে দিচ্ছে না, দেশটিকে অভিবাসী শ্রমিকদের সর্বাধিক রেমিট্যান্স বা প্রবাসী আয় নিয়ে আসায়ও বাধা দিচ্ছে। হাতেকলমে-এর লক্ষ্য আমাদের এই ব্যবধানটি দূর করা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরা এই প্ল্যাটফর্মটিতে তাদের লক্ষ্য খুঁজে পাবে যা তাদের আত্ম-উপলব্ধির একটি পথ দেখাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক, রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।









