বিশ্বের শীর্ষ কংক্রিট গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) নিয়ন্ত্রণাধীন সারা বিশ্বে ছড়িয়ে থাকা দুই শতাধিক সংগঠনের মধ্যে সেরা চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের সংগঠন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-আইইউবিএটি।
সম্প্রতি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের প্রধান কার্যালয় থেকে ই-মেইলের মাধ্যমে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-আইইউবিএটিকে এ তথ্য জানানো হয়। ই-মেইলে বলা হয়, ২০২৩ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইইউবিএটির এ সংগঠনটিকে সেরা চ্যাপ্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং আগামী ২৪ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত কংক্রিট কনভেনশনে তাদের সম্মাননা দেয়া হবে।
এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-আইইউবিএটির প্রধান পৃষ্ঠপোষক এবং আইইউবিএটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-আইইউবিএটির অসাধারণ কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত। এ পুরস্কারটি তাদের অক্লান্ত পরিশ্রম, সৃজনশীল মানসিকতা এবং কংক্রিট দক্ষতা সম্প্রসারণের আবেগকে প্রকাশ করে।’
ছাত্র উপদেষ্টা আনিসুজ্জামান খান বলেন, ‘আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট থেকে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত। এ স্বীকৃতি আমাদের আইইউবিএটি চ্যাপ্টার সদস্যদের আবেগ, কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী চেতনাকে প্রতিফলিত করে।’
দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আহসান হাবিব শান্ত বলেন, ‘প্রতিটি অর্জনই গৌরবময়। আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড আমাদের জন্য একটি বড় অর্জন। বিগত ২০২১ সালের যাত্রার শুরু থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করেছি, যাতে কংক্রিট সম্পর্কে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানো যায়। এর মধ্যে সমসাময়িক কংক্রিট প্রযুক্তি এবং কংক্রিট উদ্ভাবন প্রাধান্য পেয়েছে।’ —বিজ্ঞপ্তি










