বিশ্বজুড়ে মোট আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে নোভারটিস। এ সংখ্যা সুইস ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটির মোট কর্মী বাহিনীর প্রায় ৭ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে সুইজারল্যান্ডের ১ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারেন। গত এপ্রিলে ঘোষিত ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবেই কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত এপ্রিলে নোভারটিস পুনর্গঠন কর্মসূচি ঘোষণা করেছিল। সে সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভাস নরসিমহান একক সংখ্যার কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হবেন বলে জানিয়েছিলেন। ব্যবসা পুনর্গঠনের মাধ্যমে সংস্থাটির লক্ষ্য ২০২৪ সালের মধ্যে অন্তত ১০০ কোটি ডলার সঞ্চয় করা।

নোভারটিস একটি ই-মেইল বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি নতুন সাংগঠনিক কাঠামো বাস্তবায়নে ভালো অগ্রগতি অর্জন করেছে। এ ব্যবস্থার আওতায় ফার্মাসিউটিক্যাল ও টিউমার চিকিৎসার ব্যবসায়িক ইউনিটগুলোকে একীভূত করা হবে এবং বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পুনর্গঠন বিশ্বব্যাপী প্রায় আট হাজার কর্মীর মধ্যে সুইজারল্যান্ডের ১ হাজার ৪০০ জন কর্মী সম্ভাব্যভাবে ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারেন। বর্তমানে বিশ্বজুড়ে নোভারটিসের ১ লাখ ৮ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৬০০ জন সুইজারল্যান্ডে।

এপ্রিলে ঘোষণাকৃত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে সংস্থাটি বলেছিল, মূলত বিভক্ত কাঠামো অপসারণের মাধ্যমে ব্যয় কমানো হবে। টিউমার চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল ব্যবসা আলাদাভাবে পরিচালনা করা হবে না। আগামী কয়েক মাসের মধ্যে নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে।

সিইও ভাস নরসিমহান তার কর্মদক্ষতা প্রমাণে অতিরিক্ত ব্যয় কাটছাঁট করছেন। এতে সংস্থাটির হাতে বিপুল পরিমাণ নগদ অর্থ জমছে।