চীনের বাজারে চাহিদা চাঙ্গা হওয়ার সম্ভাবনায় গতকাল জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১১ সেন্ট বেড়ে ৮৪ ডলার ৯০ সেন্টে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ফিলাডেলফিয়া প্রেসিডেন্ট প্যাট্রিক হার্কার বলেন, মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে স্বল্পমেয়াদে সুদহার বাড়ানোর কৌশল নিয়ে এগোচ্ছে ফেড।
এদিকে কভিড নীতিমালা শিথিল করছে চীন। এখন থেকে দেশটিতে ১০ দিনের স্থলে সাতদিনের কোয়ারেন্টিন প্রযোজ্য। দ্বিতীয় প্রান্তিক থেকে শুরু করে কয়েক দফা লকডাউনে চীনের অর্থনীতিতে মন্দাভাব সৃষ্টি হয়েছে। অর্থনীতিতে গতি ফেরাতে জিরো-কভিড পলিসি থেকে পিছু হটা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ চীনা অর্থনীতিতে শ্লথগতির প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ চেইন ও শিল্পোৎপাদন খাতে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। এশিয়ার এ শীর্ষ অর্থনীতির কভিড-পলিসিতে পরিবর্তন জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










