রাজশাহী নগরীতে প্রথমবারের মতো তিনদিনের জন্য চালু হয়েছে হলিডে মার্কেট। আজ এ মার্কেট শেষ হবে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সার্কিট হাউজ রোডের দুইপাশের ফুটপাতে বসেছে এ মার্কেট। রঙিন ছাতার নিচে সারি সারি করে সাজানো আছে বিভিন্ন উদ্যোক্তাদের ৭০টি স্টল।
আয়োজকরা বলছেন প্রাথমিকভাবে তিনদিনের জন্য এ মার্কেট চালু করা হয়েছে। তবে আগামী ঈদের পর থেকে সপ্তাহে শুক্রবার ও শনিবার এ মার্কেট চালু রাখা হবে।
এর আগে বৃহস্পতিবার এ মার্কেটের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. এনামুল হক। অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক ফরিদ উদ্দিন, শাহাদত হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান রবি, মো. সাদরুল ইসলাম, মতিউল হট টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।









