চীনে সামগ্রিক গাড়ি বিক্রি নিম্নমুখী হয়েছে। এপ্রিলে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮ শতাংশ কম। কভিডজনিত লকডাউনে কারখানা ও শোরুমগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে গিয়েছে। যদিও এ সময়ে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। খবর রয়টার্স।

মাসভিত্তিক এ গাড়ি বিক্রির সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। কভিডের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এপ্রিলে সাংহাই ও অন্যান্য শহরে কঠোর লকডাউন আরোপ করা হয়। এর কারণেই মূলত অন্যান্য খাতের মতো অটোমোবাইল শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি প্রকাশিত চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএএম) পরিসংখ্যানে ডিলারদের থেকে যাত্রীবাহী গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। একটি পৃথক বাণিজ্য গোষ্ঠীর তথ্য অনুসারে, এপ্রিলে কেবল যাত্রীবাহী গাড়ির খুচরা বিক্রি প্রায় ৩৬ শতাংশ কমেছে। সিএএএম জানিয়েছে, সামগ্রিকভাবে চলতি বছরের প্রথম চার মাসে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে।

যদিও সামগ্রিক যানবাহনের বিক্রি কমলেও বিদ্যুচ্চালিত ও প্লাগ-ইন হাইব্রিডের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক্ষেত্রে চীনা ব্র্যান্ডগুলোর তুমুল চাহিদা বিক্রি বাড়াতে সহায়তা করেছে। গত মাসে ইভিও প্লাগ-ইন হাইব্রিডের বিক্রি ৪৫ শতাংশ বেড়েছে। বছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে বিওয়াইডির বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। জানুয়ারি-এপ্রিল সময়ে সংস্থাটির গাড়ি বিক্রি ১৬৪ শতাংশ বেড়েছে। এ সময়ে সরবরাহ সীমাবদ্ধতার কারণে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলার গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।