বর্তমান বিশ্বে তামার চাহিদা দ্রুত বাড়ছে। সেই তুলনায় পিছিয়ে রয়েছে ব্যবহারিক ধাতুটির উত্তোলন। ভারসাম্য বজায় রাখতে ৩০ বছরের মধ্যে বৈশ্বিক তামা উত্তোলন বর্তমানের তুলনায় বাড়িয়ে দ্বিগুণ করা প্রয়োজন। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়াভিত্তিক খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান বিএইচপি গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট তারিক সালারিয়া। খবর মাইনিংডটকম।
সাংহাইয়ে অনুষ্ঠিত চায়না ননফেরাস মেটালস ইন্ডাস্ট্রি চেইন কনফারেন্সে দেয়া ভিডিও বার্তায় তামার উত্তোলন বৃদ্ধির বিষয়ে তারিক সালারিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে তামার চাহিদা ও সরবরাহে বিদ্যমান চিত্র সন্তোষজনক নয়। শিগগিরই বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিতে হবে। পরবর্তী ৩০ বছরের মধ্যে তামার বৈশ্বিক উত্তোলন বর্তমানের তুলনায় দ্বিগুণ করতে হবে।










