রেস্তোরাঁয় ঢুকে প্রথম কাজ হলো পছন্দমতো টেবিল বেছে নেয়া, এর পরের কাজ খাবারের মেন্যু বা তালিকায় পছন্দের ডিশ খোঁজা। সেখানে আইটেম হিসেবে ‘সানস্ক্রিন’ দেখলে অবাক হওয়ারই কথা! কিন্তু ত্বকের ক্যান্সার থেকে ক্রেতাকে বাঁচাতে সমুদ্রতীরবর্তী ডাচ রেস্তোরাঁয় তা-ই করা হচ্ছে। এ রকমই একটি রেস্তোরাঁ জান্ড কাটউইজক, যেখানে খাবার ও পানীয়ের পাশাপাশি পরিবেশন করা হয় সানস্ক্রিনের শট। নেদারল্যান্ডসের ১৬০টি পর্যটন এলাকায় রোদে পোড়া বা সানবার্ন প্রতিরোধের কর্মসূচি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সমুদ্রতীরবর্তী রেস্তোরাঁর মেন্যুতে রাখা হয়েছে সানস্ক্রিন। আর্দ্র ও ঝড়ো আবহাওয়ার জন্য বেশি পরিচিত নেদারল্যান্ডস। তবে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। একই সঙ্গে হয়তো জানেন না মেলানোমা নামের ত্বকের ক্যান্সারের কথা, ইউরোপে এ ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে নেদারল্যান্ডসে। চতুর্থ প্রজন্ম হিসেবে জান্ড কাটউইজক রেস্তোরাঁ পরিচালনা করছেন ডার্ক শিপার। তিনি বলেন, ‘অন্যান্য এলাকার তুলনায় কাটউইজকে ত্বকের ক্যান্সার শনাক্ত হওয়ার হার বেশি।’ সূর্য, সমুদ্র ও বালির জন্যই এখানে আসেন দর্শনার্থীরা। সমুদ্র দেখতে এসে সানস্ক্রিন ব্যবহারের কথা ভুলে যান অনেকে। বিষয়টি জানতে পেরে একটি স্বাস্থ্য বীমা কোম্পানি প্রচারণামূলক ৩০ মিলিলিটারের এক লাখ সানস্ক্রিনের বোতল জুনে বাজারে আনেন। যেগুলোর প্রতিটির দাম ধরা হয় ২ দশমিক ৯৯ ইউরো। নিজের ব্যবসার জন্য শিপারও কিছু অর্ডার দেন। নেদারল্যান্ডসে সমুদ্র এলাকায় ঝড়ো আবহাওয়ার কারণে সবকিছু বেশ দ্রুত শীতল হয়ে যায়। এর মধ্যে সূর্যের শক্তিশালী রশ্মি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উপযুক্ত ব্যবস্থা না নিলে ত্বক পুড়ে যেতে পারে। এজন্য টিস্যু ব্যবহারের মতোই সাধারণ বিষয় হয়েছে সানস্ক্রিন। নেদারল্যান্ডস কম্প্রিহেনসিভ ক্যান্সার অর্গানাইজেশনের (আইকেএনএল) তথ্যমতে, দেশটির প্রতি পাঁচজনে একজন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন। সব ধরনের ক্যান্সারের মধ্যে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয় ৫২ শতাংশ। বয়স যত বাড়তে থাকে, ত্বকের ক্যান্সারের ঝুঁকি তত বাড়তে থাকে। খবর দ্য গার্ডিয়ান ও ছবি জান্ড কাটউইজক
নেদারল্যান্ডসে রেস্তোরাঁর মেন্যুতে সানস্ক্রিন
রেস্তোরাঁয় ঢুকে প্রথম কাজ হলো পছন্দমতো টেবিল বেছে নেয়া, এর পরের কাজ খাবারের মেন্যু বা তালিকায় পছন্দের ডিশ খোঁজা।










