রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল হাশেম পুনর্নিয়োগ পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ড. আবুল হাশেম আরো তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম মেয়াদে তাকে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।

বেসিক ব্যাংক চেয়ারম্যান ছাড়াও ড. আবুল হাশেম বর্তমানে আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিন বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ছিলেন তিনি।

অধ্যাপক আবুল হাশেম ২০১০ সাল থেকে ডিএসইর পরিচালক ছিলেন। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে ডিএসইর চেয়ারম্যান হন তিনি। তার মেয়াদেই ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ।

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপক আবুল হাশেম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী  কমিশনের (ইউজিসি) সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান এবং হাজী মোহাম্মদ মুহসীন হলের প্রভোস্ট ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আবুল হাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমকম ডিগ্রি অর্জন করেন। একই বিষয়ে মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বোস্টনের সাফোক বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ওপর গবেষণা কাজ সম্পন্ন করেন।