লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল রোববার ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের। পরে আগামী মঙ্গলবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩১ মে।

আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৮ টাকা ১০ পয়সায়।

২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। এর আগের হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০১৮ হিসাব বছরের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।