লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। পরে আগামী সোমবার থেকে কোম্পানিটির লেনদেন পুনরায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ জুন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট আগামীকাল।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৯ পয়সা।

এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৩ পয়সা।