সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৩০০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছিল ইউনিলিভার কনজিউমার কেয়ারের পর্ষদ। এর মধ্যে ঘোষিত ৬০ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৬০ পয়সায়।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৩১ পয়সায়।

সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা, আগের বছরে যা ছিল ৪৩ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২২ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৩ টাকা ১ পয়সা। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।