চীনের সয়াবিন আমদানি কমেছে। সেপ্টেম্বরে দেশটির আমদানি আগের মাসের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ কমে ৮১ লাখ ৯০ হাজার টনে দাঁড়িয়েছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের সয়াবিন আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। এ সময় দেশটিতে পণ্যটির আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৪৫ লাখ টনে।
এগ্রিবিজনেস-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এআরসি মার্কোসুলের পরিচালক মাথুউস পেরিরা মনে করেন, আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব এবং চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের প্রভাবে পশুখাদ্য হিসেবে সয়াবিনের ব্যবহার কমে আসছে। আর এর ফলে দেশটিতে জানুয়ারি থেকে পণ্যটির আমদানিও কমে আসছে।
চীনের এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্সের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট থেকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে পশুখাদ্যের ব্যবহার ৩৯ শতাংশ কমেছে।
চীন আমদানি করা ৮০ শতাংশ সয়াবিন মিলে প্রক্রিয়াজাত করে থাকে। পরে যেটি পশুখাদ্যে ব্যবহার করা হয়।









