আগামী ছয় মাস অস্ট্রেলিয়ায় কোবাল্ট ও লিথিয়াম অনুসন্ধান করবে ভারত। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে যৌথভাবে ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। মূলত বৈদ্যুতিক গাড়ি উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে প্রধান খনিজ সম্পদগুলোর সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যেই এ পদক্ষেপ।

কাঞ্জি বিদেশ ইন্ডিয়া লিমিটেড একটি মাইনিং জয়েন্ট ভেঞ্চার, যা কাবিল নামে বেশি পরিচিত। ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (নালকো), হিন্দুস্তান কপার লিমিটেড ও মিনারেল এক্সপ্লোরেশন করপোরেশন লিমিটেড এটি পরিচালনা করে। কাবিল সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্যাসিলিটেশন অফিসের (সিএমএফও) সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, লিথিয়াম ও কোবাল্টের সরবরাহ নিশ্চিতে আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে কাজ করবে ভারত। এর মধ্যে অন্যতম আর্জেন্টিনা, বলিভিয়া ও চিলি।

প্রসঙ্গত, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহূত ব্যাটারি উৎপাদনের প্রধান উপকরণ লিথিয়াম। ভারত স্থানীয়ভাবে এ ব্যাটারি উৎপাদনের জন্য লিথিয়ামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করবে। এ লক্ষ্যে ১৮ হাজার ১০০ কোটি রুপির পিএলআই স্কিম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোকে ব্যাটারি সেল উৎপাদনে প্রণোদনা দেয়া হবে। বর্তমানে চীন ও হংকং ভারতে সবচেয়ে বেশি লিথিয়াম ব্যাটারি সরবরাহ করে।