সম্প্রতি মহাস্থানগড় এজেন্ট ব্যাংকিং আউটলেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীদের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা হুন্ডির মতো অবৈধ চ্যানেলগুলোর ঝুঁকি তুলে ধরেন। তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো কেবল নিরাপদ ও সুরক্ষিতই নয়; বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অনুষ্ঠানে প্রবাসীদের পরিবারের জন্য বিশেষভাবে তৈরি ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এ অ্যাকাউন্ট সেবার মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের জন্য সঞ্চয়, লেনদেন এবং বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ আরো সহজ হবে, যা প্রবাসী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা প্রবাসীদের পাঠানো অর্থ কেবল দৈনন্দিন খরচে ব্যয় না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যেমন শিক্ষা, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ, সঞ্চয় এবং সম্পদ কেনার কাজে ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা পরিবার ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে।










