ভারতের বাজারে বাড়তে শুরু করেছে এলাচের দাম। এক মাসের ব্যবধানে দেশটিতে রফতানিযোগ্য এলাচের দাম কেজিতে প্রায় ২৫০ রুপি (ভারতীয় মুদ্রা) বেড়েছে। খবর বিজনেস লাইন।

এবারের মৌসুমে ভারতে উৎপাদিত এলাচের ৭০ শতাংশ এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। বাজারে আসতে শুরু করেছে নতুন এলাচ। এর পরও মসলা পণ্যটির দাম রয়েছে চাঙ্গা।

ভারতের বাজারে এক মাস আগে প্রতি কেজি এলাচ ১ হাজার ৪৫০ রুপিতে বিক্রি হয়েছিল। বর্তমানে মসলাপণ্যটির দাম বেড়ে কেজিপ্রতি ১ হাজার ৭০০ রুপিতে উন্নীত হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে সবচেয়ে বেশি এলাচ আসে গুয়াতেমালা থেকে। এবারের মৌসুমে দেশটিতে প্রতিকূল আবহাওয়ার জের ধরে পণ্যটির উৎপাদন ব্যাহত হয়েছে। এ খবরে ভারতে এলাচের বাজার চাঙ্গা হয়েছে। কেননা গুয়াতেমালা থেকে রফতানি কমলে বিশ্ববাজারে ভারতীয় এলাচের চাহিদা বেড়ে যাবে।