টানা পাঁচ বছর ধরে নাইজেরিয়ায় চিনি আমদানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় চলতি বছরও দেশটি আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ১৯ লাখ টন চিনি আমদানি করবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
চিনি আমদানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় নাইজেরিয়ার অবস্থান দশম। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০১৫ সালে নাইজেরিয়ার চিনি আমদানিতে মন্দা ভাব দেখা গিয়েছিল। ওই বছর দেশটিতে সব মিলিয়ে ১৪ লাখ ৬৫ হাজার টন চিনি আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় দশমিক ৩৪ শতাংশ কম।
এর পর থেকে দেশটিতে চিনি আমদানি ক্রমেই বাড়তে থাকে। এ ধারাবাহিকতায় ২০১৭ সালে নাইজেরিয়ায় চিনি আমদানির পরিমাণ ১৮ লাখ টনের মাইলফলক ছাড়িয়ে যায়। ওই বছর দেশটিতে মোট ১৮ লাখ ২০ হাজার টন চিনি আমদানি হয়েছে। এর পর থেকে প্রতি বছরই দেশটি ১৮ লাখ টনের বেশি চিনি আমদানি করেছে।
প্রবৃদ্ধির ধারাবাহিকতায় গত বছর নাইজেরিয়ায় সব মিলিয়ে ১৮ লাখ ৭০ হাজার টন চিনি আমদানি হয়েছে, যা আগের বছরের সমান। আর চলতি বছর দেশটিতে সব মিলিয়ে ১৮ লাখ ৯০ হাজার টন চিনি আমদানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। অর্থাৎ এক বছরের ব্যবধানে নাইজেরিয়ায় চিনি আমদানি বাড়তে পারে ১ দশমিক শূন্য ৭ শতাংশ বা ২০ হাজার টন। নাইজেরিয়ার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি চিনি আমদানির রেকর্ড।










