পুরোপুরি ধসে পড়ার আগে আফগানিস্তানের অর্থনীতিকে রক্ষা করা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক পরিষদের এক উচ্চপর্যায়ের সভার আলোচনায় বিষয়টি উঠে এসেছে। খবর এপি।
সভার ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, নিজেদের নীতি ঠিক রাখতে গিয়ে আমরা চার কোটি সাধারণ আফগান নাগরিকের জীবন হুমকির মধ্যে ফেলতে পারি না।
নয় মাস আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সে সময় তড়িঘড়ি করে সরিয়ে নেয়া হয় মার্কিন সেনাবাহিনীকে। যার ফলে দ্রুত অর্থনৈতিক পতন ঘটে দেশটির। সে সময় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯৫০ কোটি ডলার রিজার্ভ স্থগিত করেন। যদিও এ অর্থ থেকে অর্ধেক আফগানিস্তানে মানবিক সহায়তা খাতে বরাদ্দের জন্য ছাড় করা হয়েছে।
বক্তারা এ বিষয়ে একমত হয়েছেন যে এখন আফগানিস্তানের অর্থনীতির ধস রোধে এবং সাধারণ মানুষকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।










