গত বছরের এপ্রিল-ডিসেম্বরে প্রায় ৭০০ কোটি ডলার লোকসান গুনেছে সফটব্যাংক। বিভিন্ন প্রযুক্তি কোম্পানির আয়ে ভাটা পড়ায় বড় অংকের লোকসান গুনল বিনিয়োগ কোম্পানিটি। খবর কিয়োদো এজেন্সি।
মঙ্গলবার আয়-ব্যয়ের উপাত্তে সফটব্যাংক গ্রুপ করপোরেশন জানায়, গত বছরের এপ্রিল-ডিসেম্বরের মধ্যে ৯১ হাজার ২৫০ কোটি ইয়েন বা ৬৯০ কোটি ডলার। ২০২১ সালের একই সময়ে যেখানে নিট মুনাফা হয়েছিল ৩৯ হাজার ২৬০ কোটি ইয়েন। এর মধ্যে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকেই ৭৮ হাজার ৩০০ কোটি ইয়েন বা ৫৯০ কোটি ডলার লোকসান গুনেছে সফটব্যাংক। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সফটব্যাংকের মুনাফা হয়েছিল যেখানে ২ হাজার ৯০০ কোটি ইয়েন।
আলোচ্য নয় মাসে সফটব্যাংকের বিক্রি ছিল ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ইয়েন, যা পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ বেশি। বৈশ্বিক মূল্যস্ফীতি এবং বিভিন্ন দেশে কঠোর মুদ্রানীতির কারণে বিনিয়োগে লোকসান গুনেছে সফটব্যাংক। এপ্রিল-সেপ্টেম্বরে সফটব্যাংকের নিট বিনিয়োগ লোকসান ছিল ১ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন।
জাপানভিত্তিক কনগ্লোমারেটটির চেয়ারম্যান ও সিইও মাসায়োশি সন জানান, প্রতিকূল বাজার পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে নতুন বিনিয়োগের রাশ টেনে ধরবেন তিনি।
২০২১ সালে বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারীর একটি ছিল সফটব্যাংক। এক প্রান্তিকেই ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ করেছে তারা। কিন্তু ২০২২ সালের শুরুর দিক থেকেই বাজারে গণেশ উল্টাতে থাকে। চীনের প্রলম্বিত কভিড লকডাউন এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ধাক্কা খায়।
শতাধিক কোম্পানিতে বিনিয়োগ রয়েছে সফটব্যাংক গ্রুপের। এর মধ্যে রয়েছে মোবাইল ক্যারিয়ার সফটব্যাংক, ওয়েব সার্ভিস প্রোভাইডার ইয়াহু, রাইডশেয়ার কোম্পানি ডিডি ও চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এছাড়া ভিশন ফান্ড নামে একটি তহবিল গঠন করেছে সফটব্যাংক, যেখানে অন্যান্য বৈশ্বিক বিনিয়োগকারী কোম্পানিগুলো যুক্ত।










