রাজধানীতে চলেছে চার দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’। দেশের আবাসন খাতের সবচেয়ে বড় এ আয়োজনের তৃতীয় দিন গতকাল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা বলছেন, দর্শনার্থীরা সাধারণত রেডি ও মাঝারি আকারের ফ্ল্যাটে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কেউ কেউ ছোট ফ্ল্যাটের বিষয়েও অনুসন্ধান করছেন। তবে তুলনামূলক কম আগ্রহ দেখা যাচ্ছে বড় ফ্ল্যাটে।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলাটির আয়োজন করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
মেলায় আগত ক্রেতারা জানান, সুবিধামতো স্থানে ফ্ল্যাটের দাম এখন সাধারণ ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। বেশির ভাগ ক্ষেত্রেই বড় ফ্ল্যাটের দাম কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ফলে ক্রেতারা ৮০০-১২০০ বর্গফুটের ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে দ্রুত হস্তান্তরযোগ্য বা রেডি ফ্ল্যাট।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মনছুর আলম মেলায় ঘুরতে এসেছিলেন স্ত্রীকে নিয়ে। তিনি বলেন, ‘নিজের একটি বাসার স্বপ্ন অনেক দিনের। বাজেট সীমিত, তাই এমন ফ্ল্যাট খুঁজছি যেটা এক কোটি টাকার ভেতরে; সম্ভব হলে রেডি। কয়েকটি ফ্ল্যাট দেখেছি। তবে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।’
একই অভিজ্ঞতার কথা জানান বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, ‘বাজেট কম হওয়ায় পছন্দের ফ্ল্যাট পাওয়া কঠিন হলেও মেলায় একসঙ্গে অনেক প্রকল্প দেখা যাচ্ছে, সেটাই বড় সুবিধা। তবে ফ্ল্যাটের দাম তুলমামূলক বেশি হওয়ায় মাঝারি আকারের ফ্ল্যাটের দিকেই এগোতে হবে।’
মেলায় অংশ নেয়া আবাসন প্রতিষ্ঠানগুলোর ভাষ্যও একই। তারা বলছেন, বড় ফ্ল্যাটের চেয়ে ছোট ও মাঝারি ইউনিটের খোঁজ বেশি করছেন ক্রেতারা। পাশাপাশি নির্মাণাধীন প্রকল্পের চেয়ে রেডি ফ্ল্যাটের প্রতি আগ্রহ তুলনামূলক বেশি।
রিহ্যাব মেলার বড় সুবিধা হিসেবে উঠে এসেছে এক ছাদের নিচে তুলনা করার সুযোগ। লোকেশন, দাম, নকশা, নির্মাণ মান, কাগজপত্র ও হস্তান্তরের সময়—সব তথ্য সরাসরি জানা যাচ্ছে।
মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান বিশেষ মূল্যছাড়, সহজ কিস্তি সুবিধা, বুকিং ডিসকাউন্ট ও ব্যাংক গৃহঋণ সংক্রান্ত তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে। প্রথমবার ফ্ল্যাট কিনতে আগ্রহীদের জন্য পরামর্শ ও গাইডলাইনও দেয়া হচ্ছে বিভিন্ন স্টলে।
আবাসন খাতের ব্যবসায়ীদের মতে, রিহ্যাব মেলা শুধু বিক্রির জায়গা নয়। এটি বাজারের প্রকৃত চাহিদা বোঝার অন্যতম কার্যকর প্লাটফর্ম। ক্রেতাদের প্রশ্নের সরাসরি উত্তর দেয়া, ভুল ধারণা দূর করা ও আস্থা তৈরি—সবকিছু একসঙ্গে করা যাচ্ছে এ মেলায়।
দেশে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতা থাকলেও আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট ও প্লটের প্রচার এবং বিক্রির লক্ষ্যেই রিহ্যাবের আবাসন মেলায় অংশ নিয়েছে। সেখানে ক্রেতাদের আকৃষ্ট করতে অধিকাংশ প্রতিষ্ঠানই মূল্যছাড়সহ বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ, যা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।









