আলু আমদানির মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও আলু ব্যবসায়ীরা।
দেশের বাজারে আলুর দাম অস্থিতিশীল হয়ে উঠলে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। ২ নভেম্বর থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আনতে শুরু করেন আমদানিকারকরা। শুধু হিলি স্থলবন্দর দিয়েই ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পান কয়েকজন ব্যবসায়ী। এতে আলুর সরবরাহ বাড়ায় দাম কমে আসে। তবে আমদানির মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ফলে গত বৃহস্পতিবারই ছিল আলু আমদানির শেষ দিন। কিন্তু বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় আমদানির মেয়াদ আরো কিছুদিন বাড়ানোর দাবি তোলেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ও ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার আরো ১৫ দিন আলু আমদানির অনুমতিপত্র ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা বিষয়টি আমাকে অবহিত করেন। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই সার্ভারে এখনো সংযুক্ত হয়নি। তবে শনিবার সকালের মধ্যে সার্ভারে সংযুক্ত হয়ে যাবে। তাই শনিবার থেকে আবারো হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি করতে পারবেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘৩০ নভেম্বর আলু আমদানির মেয়াদ শেষ হয়ে যাওয়ার খবরে গত দুদিন থেকেই বাজারে আলুর দাম বেড়ে গেছে। মোকামগুলো ভারতীয় আলুর মজুদ বাড়াতে বেশি পরিমাণে ক্রয় করায় চাহিদা বেড়ে গিয়েছিল। খুচরা পর্যায়েও দাম বাড়তে শুরু করে। বাজার যেহেতু পুরোপুরি স্থিতিশীল হয়নি আবার দেশীয় আলুও এখনো পুরোদমে বাজারে আসতে শুরু করেনি তাই আমরা আরো কিছুদিন আমদানির সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম।’
এ আমদানিকারক বলেন, ‘এরই মধ্যে আলু আমদানির মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে বলে আমরা স্থানীয় কোয়ারেন্টাইন অফিস থেকে জানতে পেরেছি। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। আমদানি বন্ধের খবরে বাজারে যে চাপ পড়েছিল তা শনিবারই কেটে যাবে। আর দামও কমে আসবে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে বন্দর দিয়ে ৩০-৪০ ট্রাক করে আলু আমদানি হচ্ছে। কোনো কোনো দিন আমদানির পরিমাণ বেড়ে ৫০ ট্রাকের ওপর গেছে। বুধবার বন্দর দিয়ে ৪১টি ট্রাকে ১ হাজার ৭৮ টন আলু আমদানি হয়েছিল ও বৃহস্পতিবার ৩৯টি ট্রাকে আমদানি হয়েছিল ১ হাজার ৩৪৬ টন আলু। আর গত ২-২৯ নভেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ৬৮২টি ট্রাকে ১৭ হাজার ৪২৪ টন আলু আমদানি হয়েছে।









