মূল্যস্ফীতি সত্ত্বেও রেকর্ড পরিমাণ আয় করেছে জাপানের রিটেইল গ্রুপ এওন। চলতি বছরের প্রথমার্ধে ১১ হাজার ৭৬০ কোটি ইয়েন পরিচালন মুনাফা অর্জন করেছে কোম্পানিটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। খবর নিক্কেই এশিয়া।
মূল্যস্ফীতির কারণে জাপানি ক্রেতাদের কাছে এওনের সাশ্রয়ী পণ্যগুলোর চাহিদা বেড়ে যায়। ফলে বেশি বিক্রির কারণে আয়ও বেশি হয়েছে কোম্পানিটির। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আকিও ইয়োশিদা বলেন, ‘মোট মুনাফা সুরক্ষিত রাখতে আমরা পণ্যের দাম কমিয়েছি। আমাদের স্টোরগুলোয় ক্রেতার সংখ্যা না কমার ক্ষেত্রে এটিই ছিল প্রধান অনুঘটক। সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে গত সেপ্টেম্বরের শেষের দিকে ইন্সট্যান্ট নুডুলস, ভেজিটেবল ওয়েলসহ ৩১টি আইটেমের দাম কমানোর ঘোষণা দেয় এওন।
ইয়োশিদা বলেন, ‘আমাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্যের মধ্যে তুলনামূলকভাবে স্বল্পমূল্যের পণ্যগুলোর বিক্রি ক্রমাগত বাড়ছে।’
আয়ের ক্ষেত্রে এটি টানা দ্বিতীয় বছর চলছে জাপানি রিটেইল জায়ান্ট এওনের জন্য। বিশেষ করে জেনারেল মার্চেন্ডাইস ও সুপারমার্কেটের ব্যবসায় শক্তিশালী পুনরুদ্ধার ঘটেছে।
এসব স্টোরগুলোয় প্রতিষ্ঠানটি মুদি, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ নানা ধরনের পণ্য বিক্রি করে থাকে। চলতি বছরের প্রথমার্ধের আয় গত ১০ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায়। তবে প্রতিষ্ঠানের বিদেশী বাণিজ্য কিছুটা হিমশিম খাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া ও ভিয়েতনামের অর্থনৈতিক মন্থরতার প্রভাব পড়েছে আয়ে।










