চলতি বছরের মে মাসেও থাইল্যান্ডে শিল্পোৎপাদন ঊর্ধ্বমুখী রয়েছে। চাহিদার নিম্নমুখী প্রবণতা সত্ত্বেও দেশটিতে টানা পঞ্চম মাসের মতো উৎপাদন বেড়েছে। খবর ব্যাংকক পোস্ট।
মে মাসে এসঅ্যান্ডপি গ্লোবাল থাইল্যান্ড পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৫১ দশমিক ৯ পয়েন্টে। এপ্রিলেও সূচক একই ছিল। সাধারণত সূচক ৫০-এর ঊর্ধ্বে থাকলে তা সম্প্রসারণকে নির্দেশ করে। উৎপাদন বাড়লেও দেশটিতে চাহিদা বাড়েনি। পণ্যের দাম বাড়ার কারণে নতুন ক্রয়াদেশ কমেছে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতাও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের অর্থনৈতিক সহপরিচালক জিংইয়ি প্যান বলেন, মে মাসে পণ্যের মূল্য আরো বেড়েছে। এছাড়া লিড সময় বিলম্বিত হওয়ায় তার নেতিবাচক প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। এতে করে থাইল্যান্ডের শিল্পোৎপাদন খাতের ভবিষ্যতেও সংশয় দেখা দিয়েছে।
থাইল্যান্ডের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা বিদ্যমান। পণ্যের দাম বাড়ার সঙ্গে পণ্য সংকটও যোগ হয়েছে। এ সত্ত্বেও দেশটিতে উৎপাদন ইতিবাচক ছিল। ক্রুংথাই ব্যাংকের বাজার কৌশলবিদ পুন পানিচপিবুল বলেন, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতির হার আরো বাড়িয়ে তুলেছে। দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ তৈরি করবে।










