পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টকের পাশাপাশি ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এমবি ফার্মার পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়নি।

২০২১-২২ হিসাব বছরে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৮ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের দুই হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে গত বৃহস্পতিবার এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫০১ টাকা ৭০ পয়সা।