বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে কৌশল পরিবর্তনের তথ্য দিয়েছে ফোর্ড মোটর। কোম্পানিটি জানিয়েছে, টেনেসির নতুন কারখানায় পরবর্তী প্রজন্মের অল-ইলেকট্রিক পিকআপ ট্রাক উৎপাদন শুরু হতে দেরি হবে। এছাড়া বাতিল হয়েছে থ্রি-রো ইলেকট্রিক এসইউভির পরিকল্পনা। খবর সিএনবিসি।

ভবিষ্যতে হাইব্রিড মডেল ও বাণিজ্যিক ইভির বিকাশে অগ্রাধিকার দেবে বলেও জানিয়েছে ফোর্ড। কোম্পানির লাইনআপ অনুসারে ২০২৬ সালে বাজারে আসবে নতুন বিদ্যুচ্চালিত বাণিজ্যিক ভ্যান। এর পরের বছর দুটি ইভি পিকআপ নামবে সড়কে।

ফোর্ডের টেনেসি কারখানা বর্তমানে নির্মাণ পর্যায়ে রয়েছে। সেখানে তৈরি হওয়া ট্রাক হবে বড় আকার বা ফুল সাইজের। অন্যটি হবে মাঝারি আকার, এর ডিজাইন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার বিশেষায়িত গবেষণাগারে।

বাজার কৌশল পরিবর্তন সম্পর্কে ফোর্ডের সিএফও ও ভাইস প্রেসিডেন্ট জন ললার জানান, মূলত ক্রেতা আগ্রহ বিবেচনা করে পরিকল্পনা সাজানো হচ্ছে। বর্তমানে বাণিজ্যিক ট্রাক ও এসইউভির বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রয়েছে। তাই সে দিকেই ফোর্ড মনোযোগ দিয়েছে।

তিনি আরো জানান, ইভি ব্যবসা আরো সাশ্রয়ী ও লাভজনক করার লক্ষ্যে এ পদক্ষেপগুলো নিয়েছে ফোর্ড। পুরনো পরিকল্পনা বাতিলের কারণে স্বল্পমেয়াদে আর্থিক খরচের মুখে পড়েছে কোম্পানি। থ্রি-রো এসইউভিসহ নির্দিষ্ট উৎপাদন বাতিল করায় এককালীন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার। একই সঙ্গে পরিকল্পনায় রদবদল আসায় অতিরিক্ত খরচ বেড়ে দাঁড়াতে পারে ১৫০ কোটি ডলারে।

জন ললার জানান, কোম্পানির ভবিষ্যৎ মূলধন ব্যয়ে পরিবর্তন আসছে। ইভি খাতে ব্যয় ৪০ শতাংশ ধরা হলেও তা ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। তবে কবে নাগাদ এ পরিবর্তন বাস্তবায়ন হবে জানাননি তিনি।

আগামী বছর চালু হতে যাওয়া ফোর্ডের টেনেসি কারখানা নির্মাণে খরচ হচ্ছে ৫৬০ কোটি ডলার। থ্রি-রো এসইউভি থেকে সরে আসায় প্রাথমিক পর্যায়ে ব্যাটারি সেল উৎপাদন করবে বলে জানা গেছে।

একসময় ইভি খাতে বড় ধরনের সম্ভাবনার পূর্বাভাস দেয়া হলেও বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্রুত ইভিতে বড় বিনিয়োগ করা কোম্পানিগুলো। ফোর্ডের পরিকল্পনায় পরিবর্তনের কারণও এটি।

পাঁচ মাসে আগে ফোর্ড জানিয়েছিল, তারা থ্রি-রো এসইউভি ও ‘টিথ্রি’ কোডনেমে পরিচিত পরবর্তী প্রজন্মের পিকআপ আনতে যাচ্ছে। কিন্তু ইভির বাজারে প্রবৃদ্ধির পূর্বাভাস কমে আসায় কোম্পানি পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এল।

জন ললার জানান, গ্রাহক প্রতিক্রিয়া দেখে নমনীয় অবস্থান গ্রহণ করেছে ফোর্ড। দুই বছরেরও বেশি সময় ধরে ইভি বাজারে থাকার পর কোম্পানি জেনেছে গ্রাহকরা বিদ্যুচ্চালিত গাড়ির ক্ষেত্রে আরো বিকল্প চান।

ফোর্ড আরো জানিয়েছে, নতুন মডেল না আনলেও মাসট্যাং ম্যাক-ই ক্রসওভার ও এফ-১৫০ লাইটিং পিকআপ ট্রাকের মতো বাজারে বিদ্যমান অল-ইলেকট্রিক গাড়ির উৎপাদন ও বিকাশ অব্যাহত থাকবে।