নির্ধারিত রেকর্ড ডেটসংক্রান্ত কারণে আজ পুঁজিবাজারে লেননেদ বন্ধ থাকবে তালিকাভুক্ত এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড) নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ইউনিট। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে লেনদেন হবে বন্ডটির ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে এপিএসসিএল বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।
এর আগে গত বছরের ৫ জুলাই থেকে এ বছেরের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটি। ওই বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের জন্যও ৫ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পেয়েছিলেন বন্ডটির ইউনিটহোল্ডাররা।
আশুগঞ্জ পাওয়ারের বন্ডটির মেয়াদ সাত বছর। এর বার্ষিক কুপন সুদহার ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ৪ শতাংশ মার্জিনযুক্ত হার, যা সর্বনিম্ন ৮ দশমিক ৫ শতাংশ ও সর্বোচ্চ ১০ দশমিক ৫ শতাংশ। এ কুপন অর্ধবার্ষিক মেয়াদে প্রদেয়।










