দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির সঙ্গে লড়তে চলতি বছর নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মালয়েশিয়া। সে অনুযায়ী এ বছর নগদ সহায়তা ও প্রণোদনা হিসেবে ১ হাজার ৭৬০ কোটি ডলার অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এটিই দেশের ইতিহাসে প্রণোদনা বাবদ সর্বোচ্চ ব্যয়। খবর রয়টার্স।
সরবরাহ চেইনের সংকটের কারণে কয়েক মাস ধরেই দেশটিতে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। পাশাপাশি শ্রমিক সংকট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবও রয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের নভেম্বরের পর যা সর্বোচ্চ।
পরিকল্পনা অনুযায়ী ৫ হাজার ১০০ কোটি রিঙ্গিত ব্যয় করা হবে ভোক্তাদের জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যে প্রণোদনার অংশ হিসেবে। এক বিবৃতিতে মালয়েশিয়ার অর্থমন্ত্রী টেংকু জাফরুল আজিজ এ তথ্য জানিয়েছেন। এছাড়া সরকার আরো ১ হাজার ১৭০ কোটি রিঙ্গিত ব্যয় করবে নগদ সহায়তা হিসেবে। অন্যান্য প্রণোদনা হিসেবে দেয়া হবে ১ হাজার ৪৬০ কোটি রিঙ্গিত।










