অস্ট্রেলিয়ার বেকারত্ব হার গত ৪৮ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। দেশটিতে ফেডারেল নির্বাচনের মাত্র দুদিন আগে এ তথ্য প্রকাশ করা হয়। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পরিসংখ্যান সংস্থা জানায়, এপ্রিলে দেশটির বেকারত্বের হার ৩ দশমিক ৮৫ শতাংশে নেমেছে। মার্চে এ হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ। সর্বশেষ ১৯৭৪ সালের পর বেকারত্বের হার এত কম দেশটিতে। অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, গত মাসে দেশটির অর্থনীতিতে ৯২ হাজার ৪০০ কর্মসংস্থান যোগ হয়েছে। তবে অনেক নিয়োগকর্তারা বলছেন, শ্রমবাজারে সংকটের মধ্যে কর্মী নিয়োগ কঠিন হয়ে পড়েছে।
টানা দুই বছর কভিড-১৯ মহামারীর কারণে কঠোর বিধিনিষেধ জারি ছিল অস্ট্রেলিয়ার সীমান্তে। বর্তমানে নভেল করোনাভাইরাসে আক্রান্তের হার কিছুটা কমায় বিধিনিষেধ শিথিল করা হয়। এতে বিদেশী কর্মীদের আগমন বেড়েছে দেশটিতে।
এদিকে অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের মাত্র দুদিন আগে এ তথ্য প্রকাশ করা হয়। বর্তমান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্ষমতা টিকিয়ে রাখতে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে লড়ছেন। মতামত জরিপে দেখা গিয়েছে, কর্মসংস্থানের বদলে জীবনযাত্রার মানকে প্রাধান্য দিচ্ছে ভোটাররা।










