সৌদি আরবে শিগগিরই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ার সম্ভাবনা নেই। এছাড়া রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের উত্তোলন বাড়ানো নিয়েও সংশয় দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।
সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ১৬ সেন্টে স্থির হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৯ শতাংশ বা ১ ডলার ৮১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৭ ডলার ৫৯ সেন্টে।










