২০২১-২২
উৎপাদন মৌসুমে অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে স্পেনের অলিভ অয়েল উৎপাদন হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। এগ্রো-এলিমেন্টারি কো-অপারেটিভস অব স্পেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, স্পেনের অলিভ অয়েল আবাদি অঞ্চলগুলোতে অনাবৃষ্টি ও খরার প্রভাবে আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সংকটের কারণে সেচ সুবিধা অর্ধেকেরও বেশি কমে গেছে। ফলে বেশির ভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হতে পারে।
স্পেন বিশ্বের শীর্ষ অলিভ অয়েল উৎপাদনকারী দেশ। এগ্রো-এলিমেন্টারি কো-অপারেটিভস অব স্পেনের প্রতিবেদনে বলা হয়, ২০২০-২১ মৌসুমে দেশটির অলিভ অয়েল উৎপাদন কমে ১৩ লাখ ৮৭ হাজার টনে নেমে আসতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, উৎপাদন হ্রাসের আশঙ্কা থাকলেও অলিভ অয়েল রফতানি বাড়িয়েছে স্পেন। জুলাইয়ের শেষ নাগাদ দেশটি ৮ লাখ ৪২ হাজার টন অলিভ অয়েল রফতানি করেছে। গত উৎপাদন মৌসুমের একই সময়ের তুলনায় রফতানি ২৫ হাজার টন বেড়েছে। এছাড়া ২০১৮-১৯ মৌসুমের তুলনায় বেড়েছে এক লাখ টনেরও বেশি।










