লৌহবর্জ্য রফতানিতে ১৫ শতাংশ শুল্কারোপ করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি দেশটির আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ফেডারেশনের এক গেজেটে তা জানানো হয়। এর আগে এটির রফতানিতে সব ধরেনর শুল্ক রহিত করে সরকার। তবে দেশটির স্থানীয় ইস্পাত বাজারকে বাঁচাতে মালয়েশিয়া সে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২৫ মার্চ থেকে এ উদ্যোগ কার্যকর হবে বলে ফেডারেশন জানায়। খবর প্ল্যাটস। এদিকে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির স্থানীয় ইস্পাত শিল্পনির্ভর খুদে ব্যবসায়ীরা।
গত ৩১ ডিসেম্বর ফেডারেশনের পক্ষ থেকে দেশটির লৌহ ও ইস্পাত নীতি নিয়ে এক শ্বেতপত্র প্রকাশ হয়। বেশ কয়েকবার এ নীতিমালায় পরিবর্তন আনা হলেও স্থানীয় ব্যবসায়ীদের বিরোধিতার মুখে পড়ে তা। পরে ১৯ মার্চ এ নিয়ে চূড়ান্ত ও সন্তোষজনক সিদ্ধান্ত দেয় আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন।
দেশটির ইস্পাত উৎপাদক এক প্রতিষ্ঠান বলছে, মালয়েশিয়া মূলত লৌহবর্জ্য আমদানিকারক দেশ। স্থানীয় চাহিদা পূরণ করতে বিগত সময়ে এর বাজারগুলো মাত্র ৩০ শতাংশ লৌহবর্জ্য সরবরাহ করতে পেরেছে। বাকিটা তাদের আমদানি করতে হয়েছে। তাই রফতানির আগে দেশটির অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নেয়া হয়। ২০১৬ সালে ১০ শতাংশ শুল্কের আদেশ বাতিল করার পর থেকেই মালয়েশিয়ার লৌহবর্জ্য রফতানি বাড়তে থাকে। সর্বশেষ ১৪ শতাংশ বেড়ে ২০২০ সালে এটির রফতানির পরিমাণ ছিল ৪ লাখ ৫৪ হাজার ৭৯৮ মেট্রিক টন।










