ভ্রমণকারীদের সুবিধার্থে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পরিষেবা বৃদ্ধি করবে দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইদুবাই। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ ভ্রমণ গন্তব্যে নতুন একটি ফ্লাইট চালু করবে বাজেট এয়ারলাইনসটি। খবর খালিজ টাইমস।

ফ্লাইটটি চালুর দিন থেকে প্রতিদিন দুবাই ইন্টারন্যাশনাল (ডিএক্সবি) থেকে মালদ্বীপের গান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (জিএএন) তিন নম্বর টার্মিনালের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাইত আল গাইত বলেন, নতুন পরিষেবাটি যাতায়াতের সময় কমিয়ে দেবে। বিশেষ করে নৌকা বা সামুদ্রিক উড়োজাহাজে (সি-প্লেন) করে মালদ্বীপের দক্ষিণ প্রবাল প্রাচীরে অবস্থিত রিসোর্টগুলোয় যাতায়াতের সময় কমে আসবে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই), উপসাগরীয় এবং কমনওয়েলথ ইনডিপেনডেন্টভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীদের অবসর যাপনের জনপ্রিয় গন্তব্য হলো মালদ্বীপ।