চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পরিচালন আয় ও মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় বেড়েছে ৪৩ শতাংশ। আর কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ১৮ শতাংশ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৩৫৭ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ২৪৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন আয় বেড়েছে ১০৭ কোটি ৫২ লাখ টাকা বা ৪৩ দশমিক শূন্য ৮ শতাংশ। 

আয়ের পাশাপাশি এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত পরিচালন ব্যয় হয়েছে ২০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন ব্যয় ছিল ১৪৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে ৬০ কোটি ৫৫ লাখ টাকা বা ৪১ দশমিক ৬২ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ২০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ৫৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা বা ১৭ দশমিক ৭৮ শতাংশ। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২০ টাকা ১১ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ১৭ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ এপ্রিল। 

সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৪৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৫৬ পয়সা।

এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ২০১৮ হিসাব বছরে ব্যাংকটি ১৫ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।