পুুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২০ কোটি ৭৯ লাখ টাকা কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৭৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৬৩ শতাংশ।

গতকাল অনুষ্ঠিত সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে আইসিবির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয়(ইপিএস) হয়েছে ২৬ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সায়। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৯২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে আইসিবির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১১৫ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা (পুর্নমূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৫ টাকা ৫৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৫ টাকা ৯৮ পয়সায়।

এর আগের ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইসিবি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ৭০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সায়।

এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আইসিবি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০১৮-১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল আইসিবি। এছাড়া ২০১৭-১৮ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন আইসিবির শেয়ারহোল্ডাররা। আর ২০১৬-১৭ হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মুলধন ১ হাজার কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৮০৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা। মোট শেয়ারের ৬৯ দশমিক ৪৯ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১ দশমিক ৫৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল আইসিবির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯২ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮৯ টাকা ৭০ পয়সা ও ১৪৩ টাকা ৮০ পয়সা।