সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ব্রাজিলের একটি প্রধান সড়ক নির্মাণের জন্য ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে। অ্যাসেট ম্যানেজার প্যাট্রিয়া ইনভেস্টমেন্টস ও পিআইএফ পারানা রাজ্যে একটি বৃহৎ নতুন ব্রাউনফিল্ড টোল রোড সম্প্রসারণ ও পরিচালনার জন্য একটি গ্রুপ গঠন করেছে। খবর অ্যারাবিয়ান নিউজ।

পিআইএফ ১২০ কোটি ডলার মূলধন বিনিয়োগের মাধ্যমে প্যাট্রিয়ার সঙ্গে যৌথভাবে টোল রোড বিকাশের জন্য ব্রাজিল সরকারের নিলামে জিতেছে। নতুন ৪৭৩ কিলোমিটার সড়কটি পারানার বিদ্যমান যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে। চুক্তিতে প্যাট্রিয়া ও পিআইএফকে ২০৫৩ সাল পর্যন্ত অপারেশনের তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

সক্ষমতা বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ ব্রাজিলের সমৃদ্ধ পারানায় পরিবহন অবকাঠামো ও মহাসড়ক উন্নত করা। ১ কোটি ১৫ লাখের বেশি বাসিন্দা নিয়ে পারানার বার্ষিক জিডিপি ১৩ হাজার কোটি ডলার এবং অঞ্চলটি ব্রাজিলের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে স্থান পেয়েছে।

এটি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রশাসনের অধীনে প্রথম বড় অবকাঠামো নিলাম। প্রকল্পটি লাতিন আমেরিকা ও সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংযোগকে শক্তিশালী করেছে। এটি বিশেষত উপসাগরীয় অঞ্চল থেকে লাতিন আমেরিকার ক্রমবর্ধমান বিনিয়োগ ও অংশীদারত্বকে উৎসাহিত করছে। প্যাট্রিয়া সৌদি আরবের পিআইএফ বিনিয়োগের সঙ্গে যুক্ত হয়ে লাতিন আমেরিকার বাজারে প্রবেশের জন্য উপসাগরীয়দের ক্রমবর্ধমান আগ্রহের সুযোগ নিয়েছে।

গত ২৮-২৯ নভেম্বর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সৌদি আরব সফরের ঠিক আগে প্রকল্পটির ঘোষণা করা হয়। সম্প্রতি প্রধান উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে যোগ দেয়ার জন্য সৌদি আরবকে আমন্ত্রণের সময়সীমা বাড়ানো হয়েছে।

ব্রাজিলের টোল রোডগুলোয় সময়ের সঙ্গে সঙ্গে ট্রাফিক বেড়েছে। নির্ভরযোগ্য বিনিয়োগের স্থান হিসেবে ব্রাজিল বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। সড়ক ও মহাসড়কগুলো সারা দেশে গুরুত্বপূর্ণ পরিবহন রুট হিসেবে কাজ করে। তাই এগুলো ব্রাজিলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ হিসেবে চিহ্নিত হচ্ছে।

নতুন পারানা টোল রোড প্রকল্পটি ব্রাজিলের সড়ক খাতে প্যাট্রিয়ার বড় ভূমিকাকে আবারো প্রতিষ্ঠিত করছে। প্যাট্রিয়া এরই মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি রাস্তাজুড়ে টোল রোড বিনিয়োগের তত্ত্বাবধান করে, যার ওপর দিয়ে প্রতি বছর প্রায় ২৩ কোটি যানবাহন চলাচল করে। সুতরাং নতুন সংযোজনটি প্যাট্রিয়ার বিদ্যমান টোল সড়কগুলোয় প্রচুরসংখ্যক চালককে পরিষেবা দিয়ে আসছে।

বৈশ্বিক প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হ্রাস সত্ত্বেও লাতিন আমেরিকায় সম্প্রতি রেকর্ড মাত্রা বিনিয়োগ দেখা যাচ্ছে। টোল সড়ক ও অবকাঠামোর মতো উদীয়মান ক্ষেত্রগুলোয় সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক বিনিয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্যাট্রিয়া অবকাঠামো বিভাগের প্রধান আন্দ্রে সেলস বলেন, ‘‌এ বিনিয়োগে পিআইএফের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এখন এটি সৌদি আরব-লাতিন আমেরিকা সম্পর্ককে আরো দৃঢ় করবে।’