পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তিপত্র পেয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। সবার জন্য ডিজিটাল লেনদেন ব্যবহারের সুযোগ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্লাটফর্ম এবং আধুনিক ডিজিটাল সেবা কৌশল অনুসরণ করে প্রয়োজনীয় আর্থিক ও ডিজিটাল সেবা সরাসরি মানুষের হাতে পৌঁছে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলালিংক।

বৈশ্বিক ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান ও বাংলালিংকের মূল কোম্পানি ভিয়ন, এ অনুমোদনকে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও নগদবিহীন অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। ভিয়নের আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি সক্ষমতার সহায়তায় এ অগ্রগতি আরো সুদৃঢ় হয়েছে।

ডিজিটাল লেনদেনের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক অর্থ প্রেরণ, প্রবাসী আয় গ্রহণ, বিদ্যুৎ ও সরকারি বিল পরিশোধ, অনলাইন ক্রয়-বিক্রয় ও দোকানদারকে অর্থ পরিশোধ এবং বেতন-ভাতা বিতরণসহ সঞ্চয় ও বীমা কিস্তি পরিশোধের মতো বিভিন্ন নতুন আর্থিক সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, ‘দেশজুড়ে বাংলালিংকের সেবার বিস্তৃতি এবং ভিওনের আন্তর্জাতিক সক্ষমতা মিলিয়ে আমরা বাংলাদেশের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলছি।’ —বিজ্ঞপ্তি