সেফকেয়ার ২৪/৭ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্যোগ অ্যাম্বুফাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পপতি রুবেল আজিজ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিতে শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগ করেছেন।
রুবেল আজিজ বর্তমানে সিটি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিল্পগোষ্ঠী পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া ব্যাংকিং, ফাইন্যান্স, জ্বালানি, শিল্প উৎপাদন, এভিয়েশন, শিপিং ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রুবেল আজিজ বলেন, ‘অ্যাম্বুফাস্ট ডটকম প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনায় দেশের জরুরি চিকিৎসা ব্যবস্থায় আস্থা এবং কার্যকারিতা আনবে বলে আমি বিশ্বাস করি।’
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অ্যাম্বুফাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেদী হাসান কিরন বলেন, ‘রুবেল আজিজের নেতৃত্বে অ্যাম্বুফাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে, যা দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।’
উল্লেখ্য, জরুরি মুহূর্তে দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে অ্যাম্বুফাস্টে চলতি জানুয়ারিতে একটি অ্যাপস চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে নিকটবর্তী অ্যাম্বুলেন্স খোঁজা, তাৎক্ষণিক বুকিং, লাইভ ট্র্যাকিং ও ডোনেশনভিত্তিক ফ্রি চিকিৎসা সহায়তা মিলবে।









