উচ্ছৃঙ্খল মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বালি। কয়েকটি দুর্ঘটনার জেরে ইন্দোনেশিয়ার দ্বীপটিতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া রুশ নাগরিকদের ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বাতিলের দাবি তুলেছে বালি কর্তৃপক্ষ। রুশ ও ইউক্রেনীয় নাগরিকরা দ্বীপটিতে অবৈধভাবে কাজ করছে। সম্প্রতি এমন তথ্য সামনে আসায় ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে এ দাবি তুলেছে বালি। 

সম্প্রতি উচ্ছৃঙ্খল মোটরসাইকেল আরোহীদের কারণে বেশকিছু দুর্ঘটনা এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নড়েচড়ে বসেছে বালি কর্তৃপক্ষ। এ পরিপ্রেক্ষিতে বালির গভর্নর আই ওয়াইয়ান কোস্টার সোমবার জানান, মোটরসাইকেল আরোহী বিদেশী পর্যটকরা খুবই বেপরোয়া ও উচ্ছৃঙ্খল। এখন থেকে পর্যটন বিভাগ কর্তৃক অনুমোদিত পরিবহনেই কেবল চলাচল করতে পারবেন তারা।

তবে মোটরসাইকেল নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হবে এ নিয়ে অস্পষ্টতা রয়েছে।

এর আগে মোটরসাইকেল আরোহী বিদেশী পর্যটকদের ভিসা বাতিলে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন কোস্টার। কোনো বেআইনি কাজ করলে কিংবা পর্যটন ভিসায় এসে কাজ করলে ভিসা-অন-অ্যারাইভাল বাতিলের দাবি তুলেছেন তিনি।

সরকারি উপাত্তে দেখা গেছে, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বিদেশী পর্যটকদের রুশ উপস্থিতি সর্বোচ্চ। ভিসা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে চলতি মাসে অন্তত চার রুশ নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বালিতে পর্যটন ভিসায় এসে কাজ করার বিরুদ্ধে বিদেশীদের নিয়মিত সতর্ক করে আসছিল দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ ধারাবাহিকতায় দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কাছে বালির গভর্নর আই ওয়াইয়ান কোস্টার অনুরোধ রাখেন, রুশ ও ইউক্রেনীয় নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হোক।

সম্প্রতি রুশ পর্যটকদের কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়ে আসছিল অনেক ইন্দোনেশীয় নাগরিক। পবিত্র বিবেচিত একটি গাছের সামনে ন্যুড ফটোগ্রাফি করেন এক রুশ মডেল। এছাড়া গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় এক ইন্দোনেশীয় রাইডারের ওপর গাড়ি তুলে দেন অন্য এক রুশ পর্যটক। জানুয়ারিতে সড়কে সংঘর্ষে প্রাণ হারান এক ইউক্রেনীয় ও এক রুশ পর্যটক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে গত জানুয়ারি নাগাদ ৭৭ হাজার ৫০০ রুশ পর্যটক এসেছে ইন্দোনেশিয়ায়। একই সময়ে ইউক্রেনীয় পর্যটক এসেছে ৮ হাজার ৮০০ জন। সুন্দর সৈকত, ঝরনা ও ঐতিহাসিক মন্দিরের জন্য বিখ্যাত বালি। মহামারীপূর্ব ২০১৯ সালে এ পর্যটন কেন্দ্রটিতে ৬২ লাখেরও বেশি পর্যটক এসেছিল।