বিনিয়োগকারীদের স্বার্থে সরকারি সিকিউরিটিজগুলোর পরীক্ষামূলক লেনদেন শুরু হতে যাচ্ছে আগামী সোমবার। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আলাদাভাবে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুসারে বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে সোমবার থেকে সরকারি সিকিউরিটিজগুলোর পরীক্ষামূলক লেনদেন শুরুর প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। তারা প্রস্তুতি শেষ করতে পারলে ওই দিনই সিকিউরিটিজগুলোর পরীক্ষামূলক লেনদেন শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ আরো সহজতর করার লক্ষ্যে এমআই মডিউলের পাশাপাশি ডিএসই ও সিএসইর ট্রেডিং প্লাটফর্মে আগামী সোমবার থেকে পরীক্ষমূলকভাবে লেনদেন শুরু হবে। তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) গেটওয়ে হিসেবে ব্যবহূত হবে।










