রাশিয়ার কারখানা ও অফিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইকিয়া। পাশাপাশি ১৫ হাজার রুশ কর্মীর বহর কমিয়ে আনারও পরিকল্পনা করছে ফার্নিচার জায়ান্টটি। ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটিতে কার্যক্রম সংকুচিত করছে বিশ্বের বৃহত্তম ফার্নিচার ব্র্যান্ড। খবর রয়টার্স।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় আইকিয়া অস্থায়ীভাবে রাশিয়ায় থাকা দোকান বন্ধ এবং দেশটি থেকে কাঁচামাল নেয়া বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে সুইডিশ প্রতিষ্ঠানটি কর্মীদের বেতন প্রদান অব্যাহত রেখেছে এবং আগস্টের শেষ পর্যন্ত তা চালিয়ে যাবে। যদিও ক্রেমলিন দেশটিতে কার্যক্রম স্থগিত করা প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে।

সম্প্রতি আইকিয়া জানায়, রাশিয়ায় অদূর ভবিষ্যতে পুনরায় বিক্রি কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেখানে সংস্থাটি ২০০০ সালে দেশটিতে প্রথম দোকান খুলেছিল। ব্র্যান্ডটির মালিকানা প্রতিষ্ঠান ইন্টার আইকিয়া জানিয়েছে, চারটি কারখানা বিক্রির জন্য ক্রেতা খোঁজা শুরু হয়েছে। পাশাপাশি মস্কো ও মিনস্কের দুটি ক্রয় ও সরবরাহ অফিস স্থায়ীভাবে বন্ধ এবং কর্মী বাহিনী কমিয়ে আনা হবে। দেশটিতে আইকিয়ার ১৫ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে রাশিয়ার সব দোকানের মালিক ইংকা গ্রুপে ১২ হাজার ৫০০ কর্মী কাজ করেন।

এক বিবৃতিতে ইংকা গ্রুপ বলেছে, দুর্ভাগ্যবশত পরিস্থিতির উন্নতি হয়নি এবং ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে ব্যবসা ও সরবরাহ চেইনগুলো ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। শিগগিরই দেশটিতে পুনরায় কার্যক্রম শুরু করার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে না।

রাশিয়ায় নেদারল্যান্ডসভিত্তিক ইংকা গ্রুপের মেগা নামের ১৪টি মল রয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাশিয়ায় জামাকাপড়, মুদি ও ফার্মেসিসহ মানুষের প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র বিক্রি অব্যাহত রাখা হয়েছে।