পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’
ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৪ জুন ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেনি কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৯৮ পয়সা।
এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ২৪ পয়সা।










