বীমা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ইউআইসিএল)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মইনুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি আদিবা আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী, আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালক খন্দকার জাহিন আহসান।
চলতি বছর বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনকে উৎসাহিত করতে প্রথমবারের মতো আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রবর্তন করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এতে নন-লাইফ ইন্স্যুরেন্স শ্রেণীতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি পায় ইউনাইটেড ইন্স্যুরেন্স।
আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মইনুল আহসান বলেন, ‘দেশের বীমা খাতে অবদান রাখতে কাজ করছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। সরকার কর্তৃক এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।’
ইউনাইটেড ইন্স্যুরেন্স দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় নন-লাইফ বা সাধারণ বীমা প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি দেশের বিভিন্ন স্থানে বীমা সেবা দিয়ে আসছে।










