অর্থনীতিতে গতি আনতে সংশোধনমূলক আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। তিনি বলেন, ‘ভূ-অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ অনেক উন্নয়নশীল অর্থনীতির চেয়ে বেশ ভালো অবস্থানে। যদিও মুডিস’স ইনভেস্টর সার্ভিস বাংলাদেশের ক্রেডিট রেটিং ও দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি স্থিতিশীল হওয়ার পূর্বাভাস দিয়েছে। তবুও ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে অর্থনীতিতে গতি আনা প্রয়োজন। এজন্য প্রয়োজন সংশোধনমূলক আর্থিক ব্যবস্থাপনা।’

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। 

সামীর সাত্তার বলেন, ‘‌মূল্যস্ফীতির কারণে আমাদের অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যেকোনো মূল্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসার যথাযথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন।’

তিনি জানান, দেশের আরেকটি চ্যালেঞ্জ হলো বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা। এ ব্যাপারে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের কাছ থেকে রেমিট্যান্স প্রাপ্তি নিশ্চিত করার জন্য বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সরকারকে অবশ্যই রফতানি বাজার বৈচিত্র্যকরণে অগ্রাধিকার দিতে হবে, যাতে করে আমাদের প্রথাগত বাজার ও গতানুগতিক প্রথাগত পণ্যের বাইরেও সম্ভাবনাময় একাধিক বাজারে ভিন্ন ভিন্ন নতুন পণ্য রফতানি থেকে আয় বাড়ানো যায়।

ব্যারিস্টার সাত্তার ক্রমবর্ধমান মন্দ ঋণ নিয়ন্ত্রণে রাখতে ও খেলাপি ঋণ পুনরুদ্ধারের জন্য সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন। সেই সঙ্গে তিনি অর্থনৈতিক সম্ভাবনা ও নতুন সুযোগ সৃষ্টির ব্যাপারে আর্থিক খাতকে মসৃণভাবে চলার পথ সুগম করার ওপর জোরারোপ করেন।